যে সমস্যায় আক্রান্ত গোটা একটা জেনারেশন
মেয়েটার বয়স মাত্র ২২। বাইরে থেকে দেখলে সবই ঠিক। কিন্তু সবসময়ই তার ভেতরে একটা চাপা ভয় কাজ করে! কী নিয়ে?
সমস্যার শুরুটা হয়েছিল মাসিক দিয়ে। কখনো ৪০ দিন পর, কখনো ৫০ দিন পর, কখনো টানা তিন মাস বন্ধ। কাউকে কিছু বলল না, ভাবল, "এটা হয়তো স্বাভাবিক, বয়সের সাথে ঠিক হয়ে যাবে।"
কিন্তু ঠিক হলো না।
তারপর এল মুখে ব্রণ। একটা সারে তো আরেকটা ওঠে। কত ক্রিম, কত ফেসওয়াশ, দাগ আর যায় না।
একদিন সে খেয়াল করল, থুতনিতে আর ঠোঁটের ওপরে কালো কালো লোম। প্রতি সপ্তাহে নিয়ম করে লুকিয়ে এগুলো তুলে ফেলে সে। বান্ধবীদের সাথে ছবি তোলার সময় সবার পেছনে গিয়ে দাঁড়ায় লুকানোর জন্য। দাওয়াত পড়লে অজুহাত খোঁজে।
মানে সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে।
ওজনও বাড়ছিল, অথচ বাড়ার মতো অত বেশি খায়ও না।
সব মিলিয়ে আর না পেরে মায়ের কাছে সব সমস্যা খুলে বলল। মা ডাক্তারের কাছে নিয়ে গেলেন।
তবে ডাক্তারের কাছে অনেকবার যাওয়া হলো। একবার, দুইবার, পাঁচবার।
হরমোনের বিভিন্ন টেস্ট, আল্ট্রা করানো হলো।
রিপোর্ট দেখে ডাক্তার বললেন, "ডিম্বাশয়ে সিস্ট আছে, এই ওষুধগুলো খাবেন।"
সেই ওষুধ খেলে মাসিক হয়, ছাড়লে আবার আগের মতো।
আরেক ডাক্তার শুধু বললেন, "ওজন কমান।" কীভাবে, কতটা, কিছুই বুঝিয়ে বললেন না।
আরেকজন বললেন, "বিয়ে হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে।"
প্রতিবার সে একটা আশা নিয়ে যেত, "এবার এমন একটা ওষুধ পাব, যেটা খেলে সব সেরে যাবে।" প্রতিবারই কিছুদিন পর আবার হতাশায় ডুবে যেত।
তবে ততদিনে সমস্যাটা শুধু শরীরের থাকেনি। ঘুম আসে না, কিছু ভালো লাগে না, কারও সাথে মিশতে ইচ্ছা করে না। মনে হয়, "আমার ভেতরেই হয়তো কিছু একটা ভুল আছে, বা আল্লাহ এমন রোগ দিয়েছেন, হয়তো আমি কখনো সুস্থই হব না।"
বিয়ের কথাবার্তা চলল, পারিবারিকভাবে বিয়ে হলো। সবার আশা, এবার সব ঠিক হবে।
তবে হলো না।
মাসিক আগের মতোই অনিয়মিত। এক বছর গেল। দুই বছর গেল।
শ্বশুরবাড়িতে প্রথমে কানাকানি হতো, তারপর সরাসরিই বলা শুরু করল।
"এতদিন হয়ে গেল, বাচ্চার খবর নেই কেন?" "তোমার মধ্যেই তো সমস্যা।" আত্মীয়দের অনুষ্ঠানে সবার চোখ তার দিকে, কানাঘুষা চলতেই থাকে তাকে নিয়ে।
যে মানুষটা নিজেই প্রতিদিন নিজের সাথে যুদ্ধ করছে, তাকে আরও ছোট করে দেওয়া হলো।
স্বামীও এসব সমস্যা বুঝতে চাইত না। আর কত ডাক্তার দেখাবে!
একলা হলেই দরজা বন্ধ করে কাঁদাই ছিল তার হালকা হওয়ার একমাত্র উপায়। অবশেষে না পেরে তার স্কুলের এক বান্ধবীর কাছে সব শেয়ার করল হালকা হওয়ার উদ্দেশ্যে।
তবে তার এই হালকা হওয়ার উদ্দেশ্য তার জন্য আশার আলো হয়ে ফুটল।
বান্ধবী নিজে থেকে কোনো উপদেশ দিল না বা জ্ঞান ঝাড়ল না, শুধু তার কষ্টগুলো শুনল। বলল, "আমার ফুফাতো বোন গাইনীতে এফসিপিএস করে সবে বের হয়েছে। ওকে দেখা, সময় নিয়ে দেখলে আশা করি একটা সমাধান পাবি। একবার গিয়ে দেখ।"
সে গেল পরিবারের কাউকে না জানিয়ে। একটু অনিচ্ছা নিয়েই।
ডাক্তার কলম হাতে নিয়েই প্রেসক্রিপশনে হাত দিলেন না। প্রায় আধঘণ্টা শুধু শুনলেন। মাসিক কবে শুরু হয়েছিল? এখন কত দিন পর পর হয়? ব্রণ কবে থেকে? লোম কোথায় কোথায়? ওজন কীভাবে বেড়েছে? পরিবারে কারও ডায়াবেটিস বা এমন সমস্যা আছে কি? ঘুম কেমন? মন কেমন থাকে?
এরপর ওজন, উচ্চতা, কোমরের মাপ আর ব্লাড প্রেসার দেখলেন। ঘাড়ের ত্বকে কালচে দাগ আছে কি না দেখলেন, কারণ ওটা ইনসুলিনের গোলমালের একটা ইঙ্গিত। ব্রণ আর লোমের ধরনও ভালো করে দেখলেন। বললেন পরেরদিন স্বামীকে নিয়ে আসতে, কিছু টেস্ট করাতে হবে।
টেস্টের মধ্যে সবার আগে দেখলেন গর্ভাবস্থা আছে কি না।
এরপর থাইরয়েড (TSH) আর প্রোল্যাক্টিন, কারণ এই দুটোর গোলমালেও মাসিক অনিয়মিত হতে পারে।
রক্তে পুরুষ হরমোন (টেস্টোস্টেরন)।
সুগার আর কোলেস্টেরলের পরীক্ষা।
একটা আল্ট্রাসাউন্ডও করাতে বললেন, রোগ নির্ণয় পাকাপোক্তভাবে নিশ্চিত করতে।
রিপোর্ট হাতে নিয়ে ডাক্তার বললেন, "তোমার PCOS আছে। এখন এর নতুন নাম PMOS। এটা তোমার দোষ না। তোমার খাওয়ার দোষ না, ভাগ্যের দোষও না। এটা হরমোন আর ইনসুলিনের একটা জটিল গোলমাল। কোনো এক ওষুধে একবারে সেরে যায় না, কিন্তু ঠিকমতো নিয়ন্ত্রণ করলে জীবন স্বাভাবিক হয়।"
এই প্রথমবার কেউ এত সুন্দর করে বলল, সমস্যাটার একটা নাম আছে, সেটা বোঝা যায়, আর পথও আছে।
ডাক্তার সব এক দিনে চাপিয়ে দেননি। আগে স্বামীকে ভালোভাবে বোঝালেন যে আপনার সাপোর্ট ছাড়া জীবনসঙ্গী একা এ পথ পাড়ি দিতে পারবেন না। স্বামীকে সব বুঝিয়ে বলার পর তিনিও বিষয়টা বুঝলেন।
ডাক্তার ধাপে ধাপে এগোলেন।
প্রথমে প্রতিদিন হাঁটা, খাওয়াদাওয়া আর ঘুম ঠিক করালেন।
তার লক্ষণ আর রিপোর্ট দেখে মাসিক নিয়মিত করতে আর ব্রণ-লোম কমাতে ওষুধ, আর ইনসুলিনের সমস্যা থাকায় আরেকটা ওষুধ দিলেন। মনের অবস্থাও আলাদা করে খেয়াল রাখলেন, প্রয়োজন হলে সাইকিয়াট্রিস্ট দেখিয়ে কাউন্সেলিংয়ের কথা বললেন। আর প্রতি ২ থেকে ৩ মাস পর ফলো-আপে আসতে বললেন।
বলেছিলেন, "ধৈর্য ধরতে হবে। কয়েক মাস লাগবে।"
ধীরে ধীরে মাসিক নিয়মিত হলো। ব্রণ কমল। ওজন কিছুটা নামল।
সবচেয়ে বড় পরিবর্তন হলো, মেয়েটা আবার হাসতে শিখল।
ডাক্তার তার স্বামী আর শাশুড়িকেও বুঝিয়েছিলেন, বাচ্চা হতে দেরি হলে শুধু স্ত্রীর নয়, স্বামীরও পরীক্ষা লাগে। পরিবারের মানসিকতাও ধীরে ধীরে বদলাল।
পরে যখন তারা বাচ্চা নিতে চাইল, ডাক্তার পরিকল্পনা করে ডিম্বপাত ঘটানোর ওষুধ দিলেন। সবার সময় এক হয় না, ধৈর্য আর ফলো-আপ লাগে। আল্লাহর রহমতে পরে সেই মেয়েটির কোল ভরে গেল।
এই PCOS/PMOS আসলে কী?
২০২৬ সালের মে মাসে PCOS-এর নাম বদলে PMOS (Polyendocrine Metabolic Ovarian Syndrome) করা হয়েছে। কারণ "পলিসিস্টিক" নামটা মনে করায় যেন শুধু ডিম্বাশয়ের সিস্টই সমস্যা।
আসলে এই রোগের সাথে অনেকগুলো হরমোন আর শরীরের মেটাবলিজম জড়িত। আর আল্ট্রাতে যেগুলোকে "সিস্ট" বলা হয়, সেগুলো অপরিণত ডিম্বাণুর ছোট থলি, কোনো রোগজনক সিস্ট নয়।
বিশ্বে প্রজননক্ষম বয়সের প্রায় আটজনে একজনের মতো নারী এই সমস্যায় আক্রান্ত ধরা হয়, আর অনেকেই ধরা পড়েন না।
শরীরে আসলে কী ঘটে?
ইনসুলিন ঠিকমতো কাজ করে না (ইনসুলিন রেজিস্ট্যান্স, রোগা মেয়েদেরও হতে পারে)
⬇️
রক্তে ইনসুলিন বেড়ে যায়
⬇️
ডিম্বাশয়ে পুরুষ হরমোন (অ্যান্ড্রোজেন) বেশি তৈরি হয়
⬇️
ডিম্বাণু ঠিকমতো পরিপক্ক হয় না, ডিম্বপাত হয় না
⬇️
মাসিক অনিয়মিত, বাচ্চা হতে দেরি। আবার বাড়তি পুরুষ হরমোনে ব্রণ, মুখে লোম, চুল পাতলা হওয়া
সবার ক্ষেত্রে ইনসুলিনের ভূমিকা একই নয়, তবে অনেকের ক্ষেত্রে এটাই মূল চাবি।
ডাক্তাররা আসলে কীভাবে রোগ ধরেন?
প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এই তিনটির মধ্যে অন্তত দুটি লাগে:
১. মাসিক অনিয়মিত বা ডিম্বপাত না হওয়া
২. বাড়তি পুরুষ হরমোনের লক্ষণ (ব্রণ, অতিরিক্ত লোম, চুল পড়া) অথবা রক্তে টেস্টোস্টেরন বেশি
৩. আল্ট্রাসাউন্ডে ডিম্বাশয়ে ছোট থলি বেশি, অথবা রক্তে AMH বেশি
আর তার আগে অন্য কারণ বাদ দিতে হয়, যেমন গর্ভাবস্থা, থাইরয়েডের সমস্যা, প্রোল্যাক্টিন বেশি থাকা।
১ আর ২ একসাথে থাকলে আল্ট্রাসাউন্ড ছাড়াই রোগ নির্ণয় হয়।
শুধু আল্ট্রাসাউন্ড রিপোর্ট দেখে "আপনার PCOS" বলে দেওয়া ঠিক না।
কিশোরীদের ক্ষেত্রে (মাসিক শুরুর ৮ বছরের মধ্যে) আল্ট্রা বা AMH দিয়ে রোগ ধরতে বলা হয় না, তখন ১ আর ২ দুটোই লাগে। আর মাসিক শুরুর প্রথম এক বছর অনিয়ম স্বাভাবিক।
নির্ণয়ের পর সুগার, কোলেস্টেরল, প্রেসার আর মানসিক অবস্থা পরীক্ষা করাও চিকিৎসার অংশ।
কেন ওষুধে সব সারে না?
কারণ এটা একটা লক্ষণের রোগ না, অনেকগুলো লক্ষণের গোছা। মাসিক, ব্রণ, লোম, ইনসুলিন, ওজন, বাচ্চা, মন, প্রতিটার আলাদা যত্ন লাগে। আর এটা দীর্ঘমেয়াদি অবস্থা, নিয়ন্ত্রণে রাখতে হয়। তাই ডাক্তাররা রোগীর সমস্যা অনুযায়ী আলাদা আলাদা চিকিৎসা দেন:
★ সবার জন্য প্রথম ধাপ: ডাক্তার জীবনযাত্রা বদলানোর পরামর্শ দেন
★ মাসিক অনিয়ম, ব্রণ, লোম: ডাক্তার হরমোনাল পিল দেন, দরকার হলে অ্যান্টি-অ্যান্ড্রোজেন ওষুধও দেন (এগুলো গর্ভাবস্থায় নিরাপদ না, তাই ডাক্তারের নির্দেশ ছাড়া নয়)
★ ইনসুলিন রেজিস্ট্যান্স বা ওজন বেশি: ডাক্তার মেটফরমিন দেন
★ বাচ্চা চাইলে: ডাক্তার ডিম্বপাত ঘটানোর ওষুধ দেন। বর্তমান গাইডলাইনে প্রথম পছন্দ লেট্রোজোল। অনেকেরই IVF লাগে না।
★ বছরে চারটির কম মাসিক হলে: জরায়ুর আস্তরণ বেশি পুরু হয়ে ঝুঁকি বাড়তে পারে, তাই ডাক্তার জরায়ুকে সুরক্ষা দেওয়ার ওষুধ দেন
ওষুধের নামগুলো জানার জন্য, নিজে কিনে খাওয়ার জন্য নয়। আর "PCOS সারানোর" হার্বাল বা বিজ্ঞাপনের ওষুধ থেকে দূরে থাকুন।
এই সমস্যা কেন এখন এত বেশি দেখা যাচ্ছে?
সত্যি বলতে, এখনো পুরোটা জানা যায়নি। যতটুকু বলা যায়:
▪️ আগে অনেকে ধরাই পড়তেন না। এখন সচেতনতা আর পরীক্ষার সুযোগ বেড়েছে, তাই বেশি ধরা পড়ছে।
▪️ জিনগত প্রবণতা আছে। মা বা বোনের থাকলে ঝুঁকি বেশি।
▪️ ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ায় এমন অভ্যাস ও অবস্থা: ওজন বৃদ্ধি (বিশেষ করে পেটের চর্বি), শরীরচর্চার অভাব, বেশি চিনি, ময়দা, প্রসেসড ও ভাজাপোড়া খাবার।
▪️ আমাদের দক্ষিণ এশীয়দের কম ওজনেও পেটে চর্বি জমে ইনসুলিন রেজিস্ট্যান্সের ঝুঁকি বেশি। তাই রোগা হলেও PCOS থাকতে পারে।
▪️ মানসিক চাপ আর ঘুমের অভাব সরাসরি কারণ কি না, প্রমাণ এখনো পরিষ্কার না। তবে এগুলো খাওয়া, ওজন আর অভ্যাসকে এলোমেলো করে দেয়।
নিজের করণীয়
- এক ডাক্তারের ফলো-আপে থাকুন। দেওয়া টেস্টগুলো করাবেন। সব বুঝিয়ে বলবেন। লজ্জা পাবেন না।
- নিজে নিজে অন্যের থেকে শুনে কোনো পিল বা ওষুধ কিনে খাবেন না।
- প্রতিদিন ২০ থেকে ৩০ মিনিট দ্রুত হাঁটা বা ব্যায়াম করুন (সপ্তাহে মোট ১৫০ মিনিটের মতো)।
- এমন খাওয়ার অভ্যাস করুন যেটা বছরের পর বছর মানতে পারবেন। চিনি, কোল্ড ড্রিংকস, ময়দা আর ভাজাপোড়া কমান। না খেয়ে থেকে ওজন কমাতে যাবেন না।
- ওজন বেশি হলে অল্প কমালেও উপকার হয়। ওজন ঠিক থাকলে লক্ষ্য হলো ওজন যেন না বাড়ে।
- ঘুম নিয়মিত রাখুন।
- ওষুধ আর ফলো-আপ মাঝপথে বন্ধ করবেন না। এই চিকিৎসার ফল পেতে কয়েক মাস লাগে।
- মন খারাপ, ঘুম নষ্ট, কিছু ভালো না লাগা PCOS-এর অংশ হতে পারে, এটা দুর্বলতা না। ডাক্তারকে বলুন।
- বাচ্চা নিতে চাইলে আগে থেকে ডাক্তারের সাথে পরিকল্পনা করুন। গর্ভাবস্থায় সুগার আর প্রেসারে বাড়তি নজর লাগে।
পরিবারের করণীয়
- মেয়ের ওজন, চেহারা, লোম নিয়ে খোঁটা দেবেন না। এতে মন আরও ভাঙে, ওজন নিয়ন্ত্রণও কঠিন হয়।
- ডাক্তারের কাছে সাথে যান, বুঝুন, ফলো-আপ নিশ্চিত করুন।
- পুরো পরিবার মিলে স্বাস্থ্যকর খাবার আর হাঁটার অভ্যাস করুন। এক মেয়েকে আলাদা করে "ডায়েট" করাবেন না।
- বিয়ের পর বাচ্চা হতে দেরি হলে শুধু স্ত্রীকে দোষ দেবেন না। স্বামীরও পরীক্ষা করান।
- মেয়ে চুপচাপ হয়ে গেলে, কথা কমিয়ে দিলে হালকা করে দেখবেন না। হতাশা দেখলে শান্তভাবে তার কথা শুনুন, বোঝান। একা রাখবেন না, দ্রুত সাহায্য নিন।
এই পোস্ট সচেতনতার জন্য। আপনার ক্ষেত্রে কোন চিকিৎসা ঠিক, তা আপনার ডাক্তারই বলতে পারবেন।
আল্লাহ সবাইকে সুস্থ রাখুন।
সচেতন হোন, সুস্থ থাকুন।
~ শাহরিয়ার, এমবিবিএস ফাইনাল ইয়ার।

Comments
Post a Comment